সংবাদ সংক্ষেপ

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:৪৮

নিঝুমদ্বীপে গরিব পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপের অধিকাংশ লোক জেলে। করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশ অনুযায়ী জেলেরা নদীতে মাছ ধরতে না যাওয়ায় এ সকল দরিদ্র পরিবারের লোকজন হতাশায় দিনাতিপাত করছেন। তাদের মাঝে খাবার সরবরাহ করতে ইতিমধ্যে সরকারি ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।  এ লক্ষ্যে বুধবার সকালে নিঝুমদ্বীপের বন্দরটিলা এলাকায় ৪০টি জেলে পরিবারের মাঝে দুই কেজি চাল, এক কেজি ডাল ও দুই কেজি আলু বিতরণ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মেহরাজ উদ্দিন।

আটঘরিয়ায় ৫০০ পরিবার পেল খাদ্যসামগ্রী

আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের পক্ষ থেকে আটঘরিয়া পৌর এলাকায় ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ ও পৌর সভার মাধ্যমে হতদরিদ্র ভ্যানচালক, দিনমজুর মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী তুলে দেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো. তারভীর ইসলাম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন প্রমুখ।

বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

বাঘা (রাজশাহী) সংবাদদাতা বুধবার সকালে বাঘা পৌর এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিনিধি হিসেবে বাড়ি-বাড়ি গিয়ে ১০ কেজি চাল, এক কেজি ডাল ও দুই কেজি আলুর প্যাকেট বিতরণ করেন পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ও পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম। এদিন এক হাজার দরিদ্রদের মধ্যে খাবার পৌঁছে দেয়া হচ্ছে।

চন্দনাইশে পুলিশ সুপারের ত্রাণসামগ্রী বিতরণ

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম রশিদুল হকের পক্ষ থেকে অসহায়, হতদারিদ্র ৪৬ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কাঞ্চননগরস্থ গুচ্ছ গ্রামে এসব বিতরণ করা হয়। এএসপি আনোয়ারা সার্কেল মফিজুর রহমান ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী উপস্থিত থেকে এসব বিতরণ করেন।

নিকলীতে সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদাতা উপজেলা ‘আমরা বঞ্চিত মানুষের কথা বলি, মাদককে না বলি’ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর ইউনিয়নের ২০০ পরিবারের ঘরে-ঘরে গিয়ে নিত্যপণ্য সামগ্রী পৌঁছে দিয়েছে সংগঠনের সদস্যরা। প্রত্যেককে পরিবারকে আট কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল, একটি সাবান, কালোজিরা ও একটি মাস্ক দেয় তারা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না, নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়া আহম্মেদ তুলিপ ও সংগঠনের সদস্যরা।

মহেশপুরে চাঁদা তুলে ২৫০ পরিবারকে সহায়তা

ভ্রাম্যমাণ প্রতিনিধি মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের অবস্থাসপন্ন মানুষরা চাঁদা তুলে গ্রামের কর্মহীন ভ্যান চালক, দিনমজুর ও হতদরিদ্র আড়াই শ’ মানুষের  মধ্যে খাদ্য বিতরণ করেছেন। এ সময় প্রতি জনকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, আধা কেজি লবণ ও একটি সাবান দেওয়া হয়েছে।

কোটালীপাড়ায় ৫০০ চা-বিক্রেতা পেল খাদ্যসামগ্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কর্মহীন হয়ে পড়ায় উপজেলার ৫০০ চা-বিক্রেতার মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান উপজেলার বিভিন্ন সড়কের পাশের ও হাট-বাজারের অবস্থানরত চা-বিক্রেতাদের দোকানে দোকানে গিয়ে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, মরিচসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান উপস্থিত ছিলেন।

দশমিনায় এমপির ত্রাণ বিতরণ

দশমিনা (পটুয়াখালী) ব্যক্তিগত অর্থায়নে নিম্ন আয়ের মানুষের দ্বারে দ্বারে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

ফুলবাড়ীতে ৩০০ পরিবারকে ত্রাণ সহায়তা

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা পৌরসভার সাবেক পৌর কাউন্সিল ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম ব্যক্তি উদ্যোগে ৩০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। বুধবার সকাল ১০টায় মধ্যগৌরীপাড়া মহল্লায় সবুজ সংঘের সহযোগিতায় এলাকার হতদরিদ্র এসব পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়।

অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির খাদ্য বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ ও যুব উন্নয়ন সমিতির উদ্যোগে কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা সদরের বাসস্ট্যান্ডে সমিতির নিজস্ব কার্যালয়ের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়। সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মো. আলমগীর হোসেনের  সভাপতিত্বে এসময় কর্মহীন ৫০ জনের মধ্যে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করা হয়।

মেহেরপুরে ৪ হাজার ৫০০ জন পেল ত্রাণ

মেহেরপুর প্রতিনিধি ৪ হাজার ৫০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ শুরু হয়েছে। বুধবার থেকে বিতরণ করা হয় এসব খাদ্যসামগ্রী। জেলা প্রশাসক আতাউল গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, সদরে ২ হাজার ও গাংনীতে ১ হাজার ৫০০ ও মুজিবনগর উপজেলায় ১ হাজার পরিবারে মধ্যে এসব বিতরণ করা হয়।

মিরপুরে ২৮০ পরিবারকে খাদ্য দিল জেলা পুলিশ

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা করোনায় বেকার হয়ে পড়া দিনমজুর, ভ্যানচালক ও নিম্নআয়ের ২৮০টি পরিবারের মধ্যে খাদ্য-সহায়তা তুলে দেন মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম। বুধবার এসব খাদ্য-সহায়তা দেওয়া হয়। এ সময় মিরপুর পৌরসভার মেয়র হাজি এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল­াহ আল মতিন লোটাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বাড়ি বাড়ি গিয়ে খাবার দিল ‘দেখাবো আলোর পথ’

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দেখাবো আলোর পথ’-এর উদ্যোগে প্রান্তিক পর্যায়ে বেকার ও কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের হাতে খাবার তুলে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিকন্দখাস গ্রামসহ বিভিন্ন ইউনিয়নের ২২২ পরিবারের মধ্যে চাল, ডাল ও আলু বিতরণ করেন ‘দেখাবো আলোর পথ’ সংগঠনের সভাপতি মেহেদী হাসানসহ অন্য সদস্যরা।

কিশোরগঞ্জে ৬০ পরিবার পেল ত্রাণ

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা করোনা ভাইরাসের কারণে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুঁটিমারী ইউনিয়নের কমর্হীন ৬০টি পরিবারে মধ্যে ১০ কেজি করে চাল, ৬ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল ও ৫০০ গ্রাম করে তেল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার আবুল কালামের আজাদের উপস্থিতিতে এসব বিতরণ করা হয়।

লালমনিরহাটে স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি তারুণ্যের আলো সমাজকল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বুধবার জেলা শহরের মিশনমোড় গোলচত্বর, বিডিআরগেট ও স্টেশন এলাকার ২০০ হতদরিদ্র, দিনমজুর ও রিকশা চালকদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। সংস্থাটির উপদেষ্টা তৌহিদুল ইসলাম লিটন, সভাপতি শহিদ ইসলাম সুজনসহ অন্যান্যরা উপস্থিত থেকে প্রত্যেককে তিন কেজি চাল, চার কেজি আলু, হাফ লিটার সয়াবিন তেল, সাবান বিতরণ করেন।

উল্লাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা উল্লাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার প্রায় শতাধিক কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীগুলোর মধ্যে ছিল, চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সাবান ও মাস্ক। এ সময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম   মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুস ছাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

লোহাগাড়া সাংবাদিক ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা উপজেলার ৫০৬ পরিবারের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু ও সাবান বিতরণ করেছে লোহাগাড়া সাংবাদিক ফোরাম। বুধবার সকালে থেকে সাংবাদিক ফোরামের সদস্যরা উপজেলার বিভিন্ন জায়গায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় লোহাগাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক এম এম আহমদ মনির, সদস্য সচিব অধ্যাপক আবদুল খালেকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।