ফেসবুকে করোনা ভাইরাস সম্পর্কে গুজব ছড়ানোর অভিযোগে নাঈমুর রহমান নাঈম নামে এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার মধ্যরাতে সিআইডির সাইবার মনিটরিং টিমের সদস্যরা যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। একই অভিযোগে আরো কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।
সিআইডি অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম বলেন, গত ২৯ মার্চ সিআইডির সাইবার মনিটরিং টিম একটি বিভ্রান্তিকর পোস্ট শনাক্ত করে। জনৈক তথ্যদাতা আমাদের পেজে নক করে একটি ফেসবুক লিংক শেয়ার করেন। সেই লিংকে গেলে নিম্নোক্ত পোস্ট পাওয়া যায়, যা প্রচুর পরিমাণে লাইক ও শেয়ারের মাধ্যমে ভাইরাল হয়।
সেখানে বলা হয়, ‘এইমাত্র জানা গেল আমাদের শনির আখড়ায় ও সাইনবোর্ড এলাকায় ২৭ জন মারা গেছে করোনা ভাইরাসে। আপনারা সবাই সতর্ক হন, নিজে জানুন অন্যকে জানাতে সাহায্য করুন। শেয়ার করে তথ্যটি সবার কাছে পৌঁছে দিন। আল্লাহ আমাদের রক্ষা করুন।’
খায়রুল আলম বলেন, এ তথ্য পাবার পরেই তদন্তে নামে সাইবার পুলিশের একটি বিশেষ টিম। প্রযুক্তিগত সহায়তায় আমাদের টিম সেই পোস্টদাতা নাঈমুর রহমান নাঈমকে মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতারে সক্ষম হয়।
তিনি জানান, নাঈমকে জিজ্ঞাসাবাদে জানায়, সে ঐ আইডিটি হ্যাক করেছে। আইডির আসল মালিক তার এক সময়ের বন্ধু ছিল। তাদের ভেতরে বাদানুবাদের একপর্যায়ে ঐ বন্ধু তাকে মারধর করে। নাঈম প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। গত ২৩ মার্চ নাঈম ঐ আইডি হ্যাক করতে সক্ষম হয় ও ২৯ মার্চ সে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে এই পোস্ট দেয়।
নাঈমের মোবাইলসহ বিভিন্ন ডিভাইস জব্দ করেছে সাইবার পুলিশ সেন্টার। টাকার বিনিময়ে এর আগেও সে ফেসবুক হ্যাকিংয়ের কাজ করেছে। তার ডিভাইস থেকে ইতিমধ্যে তার অপরাধের বিভিন্ন তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে।
