করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগে নেওয়া হয়েছে।
হিজড়াদের পাশে ঢাকা জেলা প্রশাসন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা প্রশাসন গতকাল হিজড়াদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সফিকুল ইসলাম ও মো. মমিনউদ্দিন এবং চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বড়বাগ মিরপুর, দুয়ারিপাড়া, রায়েরবাজার, চাঁদউদ্যান, উত্তরা, খিলগাঁও ও বাসাবো এলাকায় হিজড়া সম্প্র্রদায়ের ৩৩০ জনের মধ্যে ত্রাণ বিতরণ করেন । এছাড়া ঢাকায় স্থাপিত কন্ট্রোলরুমের হটলাইন নম্বরে (৩৩৩) ফোন করে ত্রাণ সহযোগিতা চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নগরীর বিভিন্ন স্থানে দ্রুত সময়ের মধ্যে ৭৪ জনের বাসায় খাবারসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
ধামরাইয়ে ত্রাণ দিল পুলিশ ও বিত্তবানরা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, করোনা প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ধামরাইয়ের হার্ডিঞ্জ হাইস্কুল মাঠে রয়েছে গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, পুলিশ, স্বাস্থ্যকর্মী সমাজসেবক ও বিত্তবানরা। ধামরাই থানা পুলিশের ব্যবস্থাপনায় ওসি দীপক চন্দ্র সাহা, অন্যান্য পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও সহযোগিতায় গতকাল বুধবার সতর্কবার্তা, পরামর্শ আর খাদ্যসামগ্রী নিয়ে স্থানীয় দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। উপজেলার অর্ধসহস াধিক দিনমজুর, শ্রমিক, রিকশাচালক ও দরিদ্র মানুষের মাঝে তিনি খাদ্য ও পরিচ্ছন্ন সামগ্রী বিতরণ করেছেন। সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া কুশুরা টোপের বাড়ি এলাকার দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিআইপি মুক্তিযোদ্ধা আহমদ আল জামান। একই দিনে বিলট্রেড গ্রুপ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ও কর্মীদের ব্যবহারের জন্য অর্ধশত পিপিই প্রদান করেছে।
এক মাসের রেশন দিল গাজীপুর জেলা পুলিশ
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর জেলা পুলিশের সদস্যদের এক মাসের রেশনের খাদ্যসামগ্রী হতদরিদ্র ও দিনমজুর মানুষের মধ্যে বিতরণ কার্যক্রম গতকাল শুরু হয়েছে। এসব খাবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এ সময় সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, প্রায় ২ হাজার পরিবারের মধ্যে এ সব সামগ্রী বিতরণ করা হবে।
আড়াইহাজার উপজেলা হাসপাতালে সুরক্ষাসামগ্রী বিতরণ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে হাসপাতালে কর্মরত সিএইচসিপিদের মধ্যে সুরক্ষা-সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা সুরক্ষাসামগ্রী বিতরণ করেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা বলেন, এর আগে সব ডাক্তার, স্বাস্থ্যসহকারীদের পিপিই বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব স্টাফের মধ্যে সুরক্ষাসামগ্রী প্রদান করা হবে।
