করোনার ঝুঁকি এড়াতে মুক্তি দেওয়া হচ্ছে ৫ হাজার বন্দিকে

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:৪৯

ভয়াবহ করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বিভিন্ন মামলায় বিচারাধীন প্রায় ৫ হাজার কারাবন্দিকে মুক্তি দেওয়ার কথা ভাবছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আবরার হোসেন। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ প্রস্তাব দিয়েছি। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরই আদেশ। যাদের মামলা এখনো বিচারাধীন, জামিনযোগ্য অপরাধ হলে তাদের জামিন দেওয়া যায় কি না, জামিনযোগ্য ছোটোখাটো অপরাধে যারা কারাগারে রয়েছেন, এরকম ৪ হাজার ৯৮১ জন বন্দি ও হাজতির নাম প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে দিয়েছি।’

কারাগারের এই শীর্ষ কর্মকর্তা আরো বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ঐ প্রস্তাব যাবে আইন মন্ত্রণালয়ে। সেখানে আপত্তি না থাকলে পাঠানো হবে আদালতে। শেষ পর্যন্ত বিচারকই সিদ্ধান্ত নেবেন জামিন দেওয়া যায় কি না। মুক্তির বিষয়টা বিচারকদের হাতে, আমাদের হাতে নয়।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে কারা কর্তৃপক্ষকে ঐ তালিকা তৈরি করতে বলা হয়েছে।

কারা কর্মকর্তা আবরার হোসেন বলেন, রুটিন প্রক্রিয়া হিসেবে বছরের বিভিন্ন সময়ে তারা কিছু বন্দির মুক্তির সুপারিশ করে থাকেন। যাদের অল্প সাজা বাকি আছে, যারা অচল, অক্ষম বা বৃদ্ধ—এরকম বন্দিদের তালিকা করে নিয়মিতভাবে মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরকম বন্দিদের সাধারণত ঈদ, নববর্ষ বা জাতীয় দিবস সামনে রেখে মুক্তি দেওয়া হয়। সেরকম বন্দিদের একটি প্রস্তাবও আলাদাভাবে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নভেল করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে ঝুঁকির মাত্রা থাকে অত্যন্ত বেশি। চীনসহ কয়েকটি দেশের কারাগারে এর আগে ভাইরাস ছড়ানোর ঘটনা ঘটেছে। ঝুঁকি এড়াতে ইরানও এর আগে বিশেষ ব্যবস্থায় বন্দিদের মুক্তি দিয়েছে।

দেশের ৬৮টি কারাগারে বর্তমানে ৯০ হাজারের মতো বন্দি রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাসে কোনো বন্দি আক্রান্ত হননি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৪০ জন বন্দিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।