চলতি সাধারণ ছুটিতে চিকিত্সক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বিনা খরচে গন্তব্যে পৌঁছে দিতে ঢাকা শহরে কাজ করছে ‘ক্র্যাক প্লাটুন পরিবহনসেবা’। মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এ সেবা। ১২টি মাইক্রোবাস ও চারটি বাস নিয়ে প্রাথমিকভাবে সেবাটি চালু হয়েছে। প্রয়োজন অনুযায়ী গাড়ির সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছে সংগঠনটি। এছাড়া জানানো হয়, প্রতিদিন সকাল ৮টা, দুপুর ২টা ও রাত ৮টা এই তিন শিফটে ১৬টি রুটে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের প্রায় ৪০টি হাসপাতালের চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এ পরিবহনসেবা পাবেন। এ সময়গুলো ছাড়াও ঢাকা শহরের ভেতরে যে কোনো জায়গায় সেবাদানকারীরা জরুরি প্রয়োজনে এ সেবাটি পাবেন। গতকাল বুধবার দ্য আর্থ সোসাইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুন মিয়া গণমাধ্যমে পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের জনপ্রিয় গেরিলা সংগঠন ক্র্যাক প্লাটুনের নামের সঙ্গে মিল রেখে এ সেবাটির নাম দেওয়া হয়েছে ‘ক্র্যাক প্লাটুন পরিবহনসেবা’। যেহেতু চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকেই এই সময়ের একেকজন যোদ্ধা। সেবাটি বিশেষজ্ঞদের পরামর্শমতো যাত্রীদের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এবং নির্দিষ্ট সময় পরপর জীবাণুমুক্ত করার মাধ্যমে পরিচালনা করা হবে।
সাধারণ ছুটির সময়ে চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের পরিবহনজনিত সমস্যা লাঘব করতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ও তত্ত্বাবধানে দ্য আর্থ সোসাইটি এবং বন্ডস্টাইন টেকনোলজিসের উদ্যোগে এই সেবাটি চালু করা হয়েছে। ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং গ্লোবাল শেপারস ঢাকা হাবের সহায়তায় এবং স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনায় রয়েছে করোনা প্রতিরোধ সংঘ।
সেবাটি চালু করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ‘ক্র্যাক প্লাটুন পরিবহনসেবা’র উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও স্বাধীনতা চিকিত্সক পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, দ্য আর্থ সোসাইটির প্রতিষ্ঠাতা সাদেকুল আরেফিন ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুন মিয়া।
এ পর্যন্ত ২৫০ জনের বেশি চিকিত্সক ও সেবাদানকারী এ সেবাটি পেতে রেজিস্ট্রেশন করেছেন। ঢাকায় কর্মরত চিকিত্সক বা সেবাদানকারীরা সেবাটি বিনা মূল্যে ব্যবহার করতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে bit.ly/crackplatoontransport লিংকে। চিকিত্সক বা সেবাদানকারীরা নিজেদের জন্য প্রযোজ্য রুটটি খুঁজে নিতে পারবেন bit.ly/crackplatoonroutes এই লিংকে। যোগাযোগের হটলাইন নম্বর - ০৯৬৩৯৫৯৫৯৫৯।
