ফেসবুকে আর্তনাদ, চাল-ডাল নিয়ে হাজির পুলিশ

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:৪৯

করোনা সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে চলছে সাধারণ ছুটি। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না নগরবাসী। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এমনই পরিস্থিতিতে মঙ্গলবার যাত্রাবাড়ীর এক নারী ফেসবুক লাইভে খাবারের জন্য আর্তনাদ করেন। বিষয়টি নজরে আসার পর গতকাল বুধবার সকালেই ঐ বাসায় চাল-ডাল নিয়ে হাজির হয় পুলিশ।

যাত্রাবাড়ীর সুতিরখালপাড়ের ঐ নারী ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী বরাবর সাহায্যের আবেদন করে লেখেন, ‘আমার স্বামী নেই, তিনটি ছোটো ছোটো সন্তান নিয়ে না খেয়ে আছি।’ তার এই আর্তনাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত ২টায় বিষয়টি যাত্রাবাড়ী থানার ওসির নজরে আসে। এরপর ব্যক্তিগত উদ্যোগে ঐ নারীর বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, বিষয়টি নজরে আসার পর আমি গতকাল বুধবার সকালে ব্যক্তিগত উদ্যোগে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল নিয়ে ঐ বাসায় যাই। সেখানে গিয়ে দেখি ছোটো একটি রুমে তিন সন্তান নিয়ে থাকেন ঐ ভদ্রমহিলা। ঐ নারী বলেন, আমি কল্পনাও করিনি ওসি নিজেই আমার বাসায় চাল-ডাল নিয়ে আসবেন, তাও এত দ্রুত সময়ে। তিনি বলেন, ছোটো ছেলেটি গর্ভে থাকতেই তাদের বাবা মারা যান। এরপর থেকে অনেক কষ্টে এই তিন ছেলেকে নিয়ে এখানে বসবাস করছি। পুলিশের এমন উদারতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।