আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, করোনা ভাইরাসের এই সংকটে বিএনপি নেতৃবৃন্দ দেশবাসীর পাশে না দাঁড়িয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সমালোচনা করে চলেছে। গতকাল বুধবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আরো বলেন, বিএনপি নেতাদের বলব, এই দুঃসময়ে জনগণের পাশে থাকুন এবং রাজনৈতিক ফায়দা লোটার অপতত্পরতা থেকে বিরত থাকুন। সরকারের সমালোচনা না করে জনগণের পাশে দাঁড়ান।
ওবায়দুল কাদের বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিকভাবে ফায়দা লোটার অপচেষ্টায় লিপ্ত। এই সংকটময় সময়ও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়ায়নি, সহযোগিতার হাত বাড়ায়নি। পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, মূল সেতুর কাজ ৮৬ দশমিক ৭৫ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৮.৫ শতাংশ।
এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
