দেবীদ্বারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:১৮

কুমিল্লার দেবীদ্বারে বুদ্ধি ও বাক্প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে দেবীদ্বার থানার পুলিশ। উপজেলার রাজামেহার গ্রামের এ ঘটনায় ভুক্তভোগী ঐ কিশোরীর মা গতকাল মঙ্গলবার দেবীদ্বার থানায় শিক্ষক বদিউল আলম মুন্সীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে  মামলা দায়ের করেন।

অভিযুক্ত বদিউল আলম মুন্সী (৫২) উপজেলার রাজামেহার ইউনিয়নের মৃত কফিল উদ্দিন মুন্সীর ছেলে এবং রাজামেহার ফাযিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার শিক্ষক। ভুক্তভোগী ঐ প্রতিবন্ধী কিশোরী একই এলাকার বাসিন্দা।   

মামলার বিবরণে প্রতিবন্ধী কিশোরীর মা উল্লেখ করেন, বাড়িতে একা পেয়ে তার মেয়েকে ঐ শিক্ষক জোরপূর্বক ধর্ষণ করেন। তবে ইউপি সদস্য মো. জহিরুল ইসলামসহ একাধিক গ্রামবাসী জানান, জায়গা-জমির বিরোধের জের ধরে একটি চক্র ঐ মাদ্রাসার শিক্ষককে ফাঁসিয়েছে। দেবীদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, ধর্ষণের অভিযোগে মো. বদিউল আলম মুন্সী নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করে গতকাল বুধবার সকালে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ঐ প্রতিবন্ধীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর জন্য পাঠানো হয়েছে।