চিকিত্সক বদলির প্রতিবাদে আজ মানববন্ধন ও নার্সদের কর্মবিরতি

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:২১

করোনা সংকটের মধ্যে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক ডাক্তারকে বদলি করায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে ঐ ডাক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা এবং কর্মবিরতির ঘোষণা দিয়েছেন উক্ত কমপ্লেক্সে কর্মরত সেবিকারা (নার্স)।

 আদর্শ মানবকল্যাণ সোসাইটির শরণখোলা শাখার সদস্যসচিব সুরাইয়া আক্তার জানান, এমনিতেই দীর্ঘদিন থেকে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট চলছে। তার উপর করোনার এই সংকট মুহূর্তে একজন ডাক্তারকে বদলি করা হলে এলাকাবাসী চিকিত্সা বঞ্চিত হবে। তাই এ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আজ বেলা ১১টায় মানববন্ধনের ঘোষণা দিয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা (নার্স) জোহরা খাতুন, মরিয়ম বেগম, শিখা রানী, শাহিদা আফরিন, মমতা রানী, প্রীতি রানী সাধন জানান, একজন কর্তব্যপরায়ণ ডা. সিরাজুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহার না হলে  আজ থেকে তারা কর্মবিরতি পালন করবেন।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, করোনা ভাইরাসের মুহূর্তে শরণখোলায় ভারতসহ বিভিন্ন দেশ থেকে বহু মানুষ বাড়ি ফিরেছেন। তাদের হোম কোয়ারেন্টাইনে ও আইসোলেশনে রাখা হয়েছে। এসময় ডাক্তারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তাই এ মুহূর্তে একজন ডাক্তারের বদলি বা অন্যত্র চলে যাওয়া কাম্য নয়।