রংপুরে আজ থেকে করোনা পরীক্ষা শুরু

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:২১

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নভেল করোনা ভাইরাস শনাক্তকরণে বসানো হয়েছে পিসিআর মেশিন। আজ বৃহস্পতিবার থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হবে। এক দিনে পরীক্ষা করা যাবে অন্তত ৯৬টি নমুনা। এখানে রংপুর বিভাগের ৮ জেলার সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা করা হবে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এ কে এম নুরুন্নবী লাইজু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের অণুজীববিজ্ঞান বিভাগের ল্যাবে মেশিন স্থাপনের কাজ শেষ হয়েছে। আজ থেকে পূর্ণাঙ্গভাবে ল্যাবরেটরির কাজ ও নমুনা পরীক্ষা শুরু করা সম্ভব হবে। পিসিআর মেশিনে একটি পরীক্ষা হতে সাধারণত চার থেকে ছয় ঘণ্টা সময় লাগে। তবে একই সঙ্গে ৯৬টি নমুনা পরীক্ষা করা যায়। এতদিন এই মেশিন না থাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার জন্য পাঠানো হতো। 

এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ১০টায় রংপুর মেডিক্যাল কলেজে এসে পৌঁছায় করোনা নমুনা পরীক্ষার পিসিআর মেশিন। তখন থেকেই কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরিতে স্থাপনের কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মিন্টু রায় বলেন, ঢাকা থেকে যে দলটি এসেছে, তাদের সহযোগিতায় দ্রুতগতিতে কাজ সম্পন্ন করা হয়েছে।

এদিকে রংপুরে এসে মেডিক্যাল টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দিচ্ছে ঢাকার একটি প্রশিক্ষক দল। অণুজীববিজ্ঞান বিভাগের প্রধান ডা. মোস্তাকিমুর রহমান জানান, কিছুটা ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে। কিন্তু যোগাযোগব্যবস্থা বন্ধ থাকায় এই মুহূর্তে ঢাকায় গিয়ে ট্রেনিং নিয়ে আসা সম্ভব নয়। এ কারণে ঢাকা থেকে একটি প্রশিক্ষক দল রংপুরে এসেছে। তারা ১৪ দিন রংপুরে থাকবে।