সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘সেনাবাহিনী প্রধান-মন্ত্রীর নির্দেশে কাজ করছে। প্রধানমন্ত্রী করোনা ভাইরাসকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। আমরা সৈনিক, আমরা সব সময় যুদ্ধ করতে প্রস্তুত। সবাইকে সহযোগিতা করব বলে আমরা প্রস্তুতি নিয়ে আছি।’ গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
জেনারেল আজিজ আরো বলেন, যতসংখ্যক প্রয়োজন তত সেনাবাহিনীর সদস্য মাঠে নামানো হবে। করোনা মোকাবিলায় যতদিন প্রয়োজন হবে, ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে। ২৪ মার্চ থেকে মাঠ প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে। অহেতুক আতঙ্ক সৃষ্টির কোনো প্রয়োজন নেই। বাণিজ্যমন্ত্রী টিপু মুনিসর সভাপতিত্বে বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বেশ কয়েক জন সচিব, কয়েক জন সংসদ সদস্য, এফবিসিসিআই, বিজিএমইএসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
