চরভদ্রাসনে পিপিই বিতরণ করলেন এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৩৩

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার ও সেবিকাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। করোনায় আক্রান্ত হলে সেসব রোগীদের চিকিত্সাসেবার কথা চিন্তা করে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা. হাফিজুর রহমানের হাতে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন নিক্সন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, থানা অফিসার ইনচার্জ নাজনীন খানম, ওসি (তদন্ত) আব্দুল গাফ্ফার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার ও থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা। একই দিন উপজেলার খালাশি ডাঙ্গী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদানের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দরিদ্র রিকশা ও ভ্যানচালকদের মাঝে নিজ তহবিল হতে খাদ্যদ্রব্য, নগদ অর্থ, মাস্ক ও সাবান বিতরণ করেছেন নিক্সন চৌধুরী। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও ও থানা অফিসার ইনচার্জের হাতে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক তুলে দেন তিনি। জানা যায়, গত কয়েক দিন ধরে নির্বাচনি এলাকা (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে করোনার বিষয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করে চলেছেন নিক্সন চৌধুরী।