অবৈধ মাটির গাড়ি থামাতে রাস্তায় শুয়ে পড়লেন চেয়ারম্যান

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৩৬

দেশের মানুষ যখন করোনা ভাইরাসের ভয়ে ঘরমুখী, এমন একটা সময়ে টাঙ্গাইলের দেলদুয়ারে অবৈধ মাটি বালুখেকোরা বেপরোয়া হয়ে উঠেছে। সারা বছর তাদের রাজত্ব চললেও এখনো তারা থামছে না। দেলদুয়ারের ওপর দিয়ে প্রবাহিত ধলেশ্বরী, লৌহজং ও এলেংজানী নদীর বালু তারা ড্রেজার ও ভেকু দিয়ে কেটে ড্রাম ট্রাক এবং ট্রাকটর দিয়ে দিন-রাত বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এসব ভারী যানবাহনের চাপে গ্রামের আঞ্চলিক কাঁচা-পাকা রাস্তাগুলো ধ্বংস হচ্ছে। এছাড়া গাড়ির বিকট শব্দ ও ধুলাবালিতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাসিন ইউনিয়নে অবৈধ এই মাটির গাড়ির চলাচল বন্ধ করতে গতকাল বুধবার এলাসিন ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন মাটির গাড়ির সামনে মাটিতে শুয়ে পড়ে প্রতিবাদ করেন। এ ব্যাপারে এলাসিন ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, মাটির গাড়ির বিকট শব্দ ও ধুলা বালিতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। তাই রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ করেছি। ফোনে কথা বলতে রাজি না হওয়ায়  উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় সমপ্রতি  লাউহাটীর তাতশ্রী গ্রামের মানুষ অবৈধ মাটির গাড়ি বন্ধের চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে বালু সন্ত্রাসীরা লাউহাটীর এক স্কুল শিক্ষককে পিটিয়ে আহত করে।