মহামারি নভেল করোনার প্রভাবে ঘর থেকে বের হতে না পারা মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ ঘরে ঘরে পৌঁছে দিতে হোম ডেলিভারি সার্ভিস শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। নির্ধারিত অটো চালকদের ফোন নম্বরে কল করে অর্ডার করলে প্রয়োজনীয় পণ্যসামগ্রী পৌঁছে যাবে বাড়ি। বুধবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সেবামূলক এই কার্যক্রমের উদ্বোধন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।
পুলিশ কমিশনার বলেন, দেশের দুর্যোগময় এই পরিস্থিতিতে রংপুর মহানগরের মানুষ যেন করোনা ঝুঁকিতে ঘরের বাহিরে বের না হয়, এজন্য হোম ডেলিভারি সার্ভিস চালু করা হলো। আমরা সকলের মধ্যে সচেতনতা বাড়াতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছি। নগরীর যে কেউ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে বসেই সরবরাহ সুবিধা নিতে নির্ধারিত ৩৩ জন অটোচালকের ফোন নম্বরে অথবা মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে অর্ডার করলে অটোচালকরা নিজ দায়িত্বে বাড়িতে খাবার পৌঁছে দিবে। এজন্য সুবিধাভোগী অটোচালককে তার ন্যায্য ভাড়া দিবেন। সঙ্গে ক্যাশ ম্যামো দেখে পণ্যের দাম পরিশোধ করবেন। নগরবাসীর সাড়া মিললে পর্যায়ক্রমে এই সেবা আরো বাড়ানো হবে।
এ সময় আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
