ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সৌদিফেরত ৪৭ বছর বয়সি এক প্রবাসীর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া গেছে। এজন্য তার পরিবারের সদস্যদেরসহ আশেপাশের ১২টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু। তিনি জানান, সন্ধ্যায় আইইডিসিআরের একটি টিম চিকিত্সার জন্য তাকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন।
সালাউদ্দিন মনজু জানান, কয়েক দিন আগে সৌদি আরব থেকে নবাবগঞ্জের বাড়িতে ফিরেন ঐ প্রবাসী। এরপর তার মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। বিষয়টি জানতে পেরে তার শরীর থেকে ও এই উপজেলার আরো তিন জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। পরীক্ষার রিপোর্টে ঐ প্রবাসীর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায়। বাকি তিন জনের শরীরে করোনার উপসর্গ পাওয়া যায়নি।
নির্বাহী অফিসার বলেন, প্রবাসীর শরীরে করোনার উপসর্গ পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে তার বাড়ির এবং আশপাশের আরো ১২টি পরিবারের সদস্যরা কোনো অবস্থাতেই যেন বাড়ি থেকে বের না হয় এবং বাইরের লোকজন সেখানে যেতে না পারে সে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় সব কিছু উপজেলা প্রশাসন সরবরাহ করবে।
