চীনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী মুঈন উদ্দীন (২২) সেখানকার ইনান ইউনিভার্সিটির অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে।
আব্দুল মালেক জানান, মুঈনের বন্ধুরা মঙ্গলবার সন্ধ্যায় তাকে ফোন করে বলেন, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ইউনিভার্সিটি থেকে নিজস্ব মোটরবাইক চালিয়ে ছাত্রাবাসে ফেরার পথে তার ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সহপাঠীরা আরো জানিয়েছেন, তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিত্সকরা জানান, গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মুঈনের মৃত্যু হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে। মুঈনের লাশ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।
