রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৪০

আব্দুর রাজ্জাক বিএসসি

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা আলহাজ মো. আব্দুর রাজ্জাক বিএসসি (৭৫) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. ..রাজিউন)। বুধবার বেলা সাড়ে ১১টায় বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের পর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩ নম্বর বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। তিনি বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।

রোকন উদ্দিন আহম্মদ

নেত্রকোনা জেলার মদন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বালালী বাঘমারা শাহজাহান মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন আহম্মদ মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি. ...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বালালী গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।