বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া গ্রাম থেকে ইতি খানম (২০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকালে হতভাগ্য এই গৃহবধূর লাশ তার স্বামীরবাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ওবায়দুর রহমান জানান, কয়েক দিন আগে চিতলমারীর কুনিয়া গ্রামে গৃহবধূ ইতি খানমের স্বামী জাহিদুর ইসলাম মধুর বাড়ি ভাঙচুর করে প্রতিপক্ষরা। এঘটনায় তারা প্রতিপক্ষের নামে চিতলমারী থানায় মামলা করেন। বুধবার সকালে ঐ মামলার তদন্ত কর্মকর্তা এলাকার গ্রাম পুলিশকে নিয়ে ঐ বাড়িতে তদন্ত করতে যায়। পুলিশ বাড়িতে গিয়ে ডাকাডাকি করে কাউকে না পেয়ে ঘরে ঢুকে গৃহবধূ ইতি খানমের গলাকাটা লাশ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে। পুলিশ ধারণা করছে এই গৃধবধূ বুধবার সন্ধ্যায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বাড়িতে গৃহবধূর স্বামী জাহিদুর ইসলাম মধুকে পাওয়া যায়নি। তবে কে বা কারা এই গৃহবধূকে হত্যা করেছে সে বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
