করোনা সহায়তায় বাটলারের জার্সি

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৫১

এই একটা বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ছিল পুরো ইংল্যান্ড। সেই বিশ্বকাপ জয়ের প্রতিটি স্মারক খেলোয়াড়দের কাছে অমূল্য। তেমনই অমূল্য জস বাটলারের জার্সিটা। বাটলার তহবিল সংগ্রহের জন্য নিলামে তুলেছেন বিশ্বকাপ ফাইনালের জার্সি। অনলাইনে এই নিলামে বাংলাদেশ সময় বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মূল্য উঠেছে প্রায় ৬৯ লাখ টাকা (৬৫ হাজার ৯০০ পাউন্ড)। বিড হয়েছে ১৬০টি। গত জুলাইয়ে লর্ডসের সেই ফাইনাল জয়ে বড়ো অবদান ছিল বাটলারের। ফাইনালের জার্সিতে সতীর্থদের অটোগ্রাফ নিয়ে রেখেছিলেন বাটলার। স্মরণীয় সাফল্যের সেই স্মারকই এখন নিলামে তুলেছেন এই কিপার ব্যাটসম্যান। নিলাম থেকে পাওয়া অর্থ লন্ডনের দুটি হাসপাতালকে দেবেন বাটলার চিকিত্সা সরঞ্জাম কেনার জন্য। টুইটারে ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন নিলামের বিস্তারিত।