রোগী চিহ্নিত করবে ‘করোনা আইডেন্টিফায়ার’ অ্যাপ

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০০:১৭

মুহূর্তেই করোনা রোগী চিহ্নিত করবে ‘করোনা আইডেন্টিফায়ার’ অ্যাপ। প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে ভীতি দূর করতে, সচেতনতা বাড়াতে এবং আশপাশের মানুষ কেউ এ ভাইরাসে আক্রান্ত কি না সে বিষয়ে তাত্ক্ষণিক তথ্য দেওয়ার দুর্দান্ত একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে টেলিযোগাযোগ বিভাগ। ‘করোনা আইডেন্টিফায়ার’ নামের এই অ্যাপটি পরিচালনার দায়িত্ব পেয়েছে টেলিটক এবং কারিগরি সহায়তা দিচ্ছে রেডিসন ডিজিটাল টেকনোলজিস। ‘করোনা আইডেন্টিফায়ার’ অ্যাপটি আপাতত পরীক্ষামূলক স্তরেই রয়েছে। শিগগির অ্যাপটি গুগল প্লে স্টোর এবং আইওএস স্টোরে পাওয়া যাবে। তবে ইতিমধ্যেই অ্যাপটি এপিকে-এর মাধ্যমে (http://coronaidentifier.teletalk.com.bd/) অনেকেই ব্যবহার শুরু করেছেন। সম্পূর্ণ অ্যাপটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর আইইডিসিআর-এর সঙ্গে সংযুক্ত থাকবে।

জানা গেছে, এই অ্যাপটিতে দারুণ কিছু ফিচার সংযুক্ত করা হয়েছে। মূলত অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীর লোকেশন ব্যবহার করে কমিউনিটিতে করোনা ভাইরাস কতটা সংক্রমিত হয়েছে, তার একটা স্ট্যাটাস জানা যাবে। আশপাশে কোনো কোভিড-১৯ সংক্রামক রোগী বা কোয়ারেন্টাইন ব্যক্তি রয়েছেন কি না সে বিষয়ে ব্যবহারকারীকে সতর্ক করবে। ব্যবহারকারীর নিকটস্থ কোনো ব্যক্তির সঙ্গে খুবই সম্প্রতি যোগাযোগ হয়েছে, এমন ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি মিললে তা ব্যবহারকারীকে সতর্ক করবে।

অ্যাপটির মাধ্যমে কিছু টেস্ট করারও সুযোগ রয়েছে। ‘করোনা আইডেন্টিফায়ার’ অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী বুকের এক্সরে ইমেজ অনলাইনে ওয়েব এবং মোবাইলে আপলোড করে মিনিটের মধ্যে করোনা টেস্ট রেজাল্ট পাবে।  ব্যবহারকারী করোনা আক্রান্ত এমন সনাক্ত হয়ে থাকলে মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় চিকিত্সা গ্রহণের সিদ্ধান্ত নিতে পারবে। এর ফলে দীর্ঘ সময় টেস্টের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না।

টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, করোনা একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক দফায় আমার বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে একটি সহজলোভ্য অ্যাপ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করি। কারিগরি টিম দিয়ে দ্রুত এটার বাস্তবায়নও করি। আশা করছি এই অ্যাপের মাধ্যমে আমাদের দেশের করোনা ভাইরাসের সংক্রমণের তথ্য ও কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবুদ্দিন বলেন, দুর্যোগ মোকাবিলায় সব সময় দেশের মানুষের পাশে থেকে কাজ করেছে টেলিটক। এবারও আমরা প্রযুক্তির ব্যবহার করে করোনা ভাইরাসের তাত্ক্ষণিক তথ্য সংগ্রহ এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য একটি অ্যাপ তৈরি করেছি।