টোকিওর উদ্দেশে ৩ শতাধিক জাপানি নাগরিক আজ ঢাকা ছাড়ছেন

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০০:১৯

মহামারি করোনা ভাইরাসের কারণে আটকেপড়া ৩ শতাধিক জাপানি নাগরিক আজ বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছেন। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন গতকাল ইত্তেফাককে বলেন, জাপানি নাগরিকদের বহনকারী বোয়িং-৭৭৭ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় জাপানের নারিতা বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকায় জাপানি দূতাবাস বাংলাদেশ সরকারের মাধ্যমে বিমানটি ভাড়া করার অনুমোদন নিয়েছে। বিমানটি ৪০০ যাত্রী বহনে সক্ষম।

এদিকে গত সোমবার ২৬৯ জন মার্কিন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে করে যুক্তরাষ্ট্র গেছেন। সহসাই মার্কিন দূতাবাস আরেকটি চার্টার্ড বিমানের জন্য কার্যক্রম শুরু করেছে। গতকাল বুধবার দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সব কিছু চূড়ান্ত হলে পরবর্তী ফ্লাইটের ঘোষণা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী মার্কিন নাগরিকদের আজ বৃহস্পতিবার রাত আটটার মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে বলা হয়েছে। যাতে দূতাবাস তাদের সহায়তা করতে পারে। শুধু মার্কিন পাসপোর্টধারীরাই বিশেষ বিমানে যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া গত ১৪ দিনের মধ্যে যারা বাংলাদেশে এসে অসুস্থ বোধ করছেন বা জ্বর রয়েছে তাদেরকে ভ্রমণের চেষ্টা না করার পরামর্শ দেওয়া হয়েছে।   

এর আগে ২২৫ মালয়েশিয়ান এবং ১৩৯ ভুটানের নাগরিক তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী চার্টার্ড বিমানের মাধ্যমে ঢাকা ছেড়ে গেছেন।