করোনা ভাইরাসে স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ ও উইম্বলডন টেনিস

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০০:২০

বিশ্বজুড়ে মহামারির আকার নেওয়া করোনা ভাইরাসের কারণে ‘পরবর্তী নোটিশের আগ পর্যন্ত’ স্থগিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের সব খেলাগুলো। এর পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বাতিল হয়ে গেল উইম্বলডন টেনিস টুর্নামেন্টটিও।

প্রাণঘাতী এই ভাইরাসের কারণে পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনই থমকে গেছে। ইউরোপ, আমেরিকা এমনকি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতিযোগিতাগুলোও স্থগিত রেখেছে স্ব স্ব কর্তৃপক্ষ। তার মধ্যেই ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা গতকাল বুধবার ফুটবলের অন্যতম বড়ো আসর চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্তটি জানায়।

পূর্বসূচি অনুযায়ী,  এবারের চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগের ফাইনাল হওয়ার কথা ছিল মে মাসে। যদিও উভয় প্রতিযোগিতা আগেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।

জুনের শেষ নাগাদ পুনরায় শুরু করতে না পারলে ফুটবলের চলতি মৌসুম বাতিল হয়ে যেতে পারে বলে সম্প্রতি শঙ্কা প্রকাশ করেন উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন। তাই প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

এদিকে ২৯ জুন শুরু হওয়ার কথা ছিল টেনিসের গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট লন্ডনের উইম্বলডন আসর। এখন সেটিও বাতিল হয়ে গেল।