বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কিশোর রায় রাজধানীতে মশার উপদ্রব ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল বুধবার এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, প্রধানমন্ত্রী নিজেই মশার উপদ্রবের বর্ণনা দিয়েছেন। গত বছর ঢাকা দক্ষিণের মেয়র ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছেন। এবারও মশক নিধনে কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। করোনা প্রতিরোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জরুরি ভিত্তিতে এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে উত্তর ও দক্ষিণের মেয়রকে এগিয়ে আসতে হবে। বিবৃতিতে নেতৃদ্বয় ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়রকে এগিয়ে এসে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
