মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারের রিভিউ পিটিশন প্রস্তুত, সুপ্রিম কোর্ট খোলার পরই দাখিল

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০০:২২

সর্বোচ্চ আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ আবেদন প্রস্তুত করা হয়েছে। সরকারি ছুটি শেষে আদালত খোলার পরই ঐ আবেদন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হবে। ৩০ মার্চ ছিল রিভিউ আবেদন দাখিলের সর্বশেষ দিন। কিন্তু করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতির কারণে সর্বোচ্চ আদালতে ছুটি থাকায় এই সময়ের মধ্যে আবেদন দাখিল করা যায়নি।

এই প্রসঙ্গে আজহারের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, ‘আমরা আপিল বিভাগের রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার জন্য আবেদন দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত সার্টিফায়েড কপি পাইনি। তবে আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড একটি ইস্যু কপি পেয়েছেন। বিতর্কের খাতিরে যদি ধরেও নেই যে রায়ের একটি কপি পেয়েছি তাহলে আমাদের রিভিউ পিটিশন দাখিলের সময় শেষ হয়েছে ৩০ মার্চ। এখন যেহেতু আদালত বন্ধ তাই রিভিউ পিটিশন দাখিল করা সম্ভব হয়নি। তবে সুপ্রিম কোর্ট খোলার পরই ঐ রিভিউ পিটিশন আমরা দাখিল করব। প্রসঙ্গত, আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করতে হবে।

হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের ৩১ অক্টোবর আপিল বিভাগ ঐ রায়ের বিরুদ্ধে এই জামায়াত নেতার আপিল খারিজ করে ফাঁসির রায় বহাল রাখেন। এর আগে মার্চ মাসের মাঝামাঝি সময়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ঐ রায় প্রকাশের পরই আজহারের মৃত্যুপরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরে তা গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল।