সহিংসতামুক্ত শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:৫৩

নির্বাচনী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গত দুই সপ্তাহের প্রচারণার সময় উচ্চ মাত্রার সহিংসতায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। সহিংসতায় সকল দল আক্রান্ত হয়েছে। সংখ্যালঘু ও নারী প্রার্থীরাও এর শিকার হয়েছে। বিরোধী দলের প্রার্থীরা বেশি সহিংসতার শিকার হয়েছে। ভোটের দিন সহিংসতার আশংকা রয়েছে। তবে আগামী ৩০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র সহিংসতামুক্ত শান্তিপূর্ণ নির্বাচন চায়। গতকাল বিকাল ৪টা থেকে ঘণ্টাব্যাপী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মার্কিন রাষ্ট্রদূত বলেন, স্বল্প সময়ের মধ্যে আমার সাথে বৈঠক করার জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য সকল কমিশনারকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকল বাংলাদেশি যাতে রবিবার ভোট দিতে নিরাপদ পরিবেশ অনুভব করে এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি। নির্বাচন কমিশনের পরিকল্পনা নিয়ে আলোচনার সুযোগ পাওয়াতে সাধুবাদ জানাই।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পড়ে থাকে যার ফলে গণতান্ত্রিক সংস্কৃতি নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে। একটি গণতান্ত্রিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে মত প্রকাশ এবং সমাবেশের সুযোগ থাকতে হবে।

নির্বাচনী সংবাদ প্রকাশে স্বাধীন গণমাধ্যম যাতে কাজ করার সুযোগ পায় সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচনের অংশীজন সবাইকে অবাধে তথ্য পাওয়ার সুযোগ তৈরি করতে হবে। সকলে যাতে হয়রানি, উসকানি ও সহিংসতামুক্ত নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে তা নিশ্চিত করতে হবে। ৩০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে। লিখিত বক্তব্যের পর জাতিসংঘ মহাসচিবের বিবৃতি পাঠ করে শোনান তিনি। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ বৈঠকে আরো দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দূতাবাসের প্রচারণা

এদিকে জাতীয় নির্বাচনে সহিংসতা পরিহারের জন্য অনলাইনে প্রচারণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে এ বিষয়ে একাধিক পোস্ট দেয়া হয়েছে। গত বুধবার দূতাবাসের ফেসবুক পেজ থেকে ‘মার্কিন দূতাবাস শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করে’ শিরোনামে ‘শান্তির বীজ বপন করুন। যেমন কর্ম তেমন ফল’ লেখা পোস্টার প্রকাশ করা হয়েছে। 

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের একটি বক্তব্য পোস্ট করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একটি অনুষ্ঠানে শান্তিপূর্ণ নির্বাচন প্রসঙ্গে তিনি যে কথাগুলো বলেছিলেন, সেই বক্তব্যই তুলে ধরা হয়েছে। সেখানে তিনি বলেছেন, আমরা আশা করি, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও উত্সবমুখর নির্বাচন হবে।