শেখ হাসিনা ও নৌকাকে জয়ী করুন :বি. চৌধুরী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:৫৩

বিদেশিদের একটা টাকাও লাগেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণপণ চেষ্টায় নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর কাজ চলছে। এই উন্নয়নের ধারা সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে চলছে।

বৃহস্পতিবার সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে মহাজোট মনোনীত বিকল্প ধারার প্রার্থী মাহী বি চৌধুরীর নৌকার জনসভায় বিকল্প ধারার চেয়ারম্যান বি চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি সিরাজদিখান ও শ্রীনগরবাসীর কাছে নৌকায় ভোট চেয়ে আরো বলেন, শুধু মাহি কেন, শেখ হাসিনাকে জয়যুক্ত করুন,     নৌকাকে জয়যুক্ত করুন, বঙ্গবন্ধুকে জয়যুক্ত করুন।  উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহী বি চৌধুরী ডা. বদিউজ্জমান ডাবলু, গোলাম সারোয়ার কবীর, গিয়াস উদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এরপর বিদ্যালয়ের মাঠ থেকে বিরাট  শোডাউন উপজেলা মোড় হয়ে সিরাজদিখান, সন্তোষপাড়াসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।