করোনা আতঙ্কে বন্ধ দেশ। ঘরবন্দি মানুষ। দৈনন্দিনের শ্রমজীবী মানুষগুলো হয়ে পরেছে কর্মহীন। ফলে খাদ্যাভাবে মানুষগুলো কাটাচ্ছেন দূর্বিষহ জীবন। এই মানুষগুলোর ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে নারী বিষয়ক জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিন 'অনন্যা'।
'অসহায় মানুষের পাশে' নামক প্রজেক্টের মাধ্যমে গড়ে তুলছেন ত্রাণ তহবিল। অনন্যার এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনলাইন ভিত্তিক পাইকারি বাজার সদাগর ডট কম। প্রথম ধাপে গতকাল পাক্ষিক অনন্যা ও সদাগর ডট কম-এর যৌথ উদ্যোগে ৫০টি পরিবারকে দেওয়া হয় খাদ্যসামগ্রী ও স্যানিটাইজার।
পাক্ষিক অনন্যার এই কর্মসূচির অন্যতম আয়োজক রিয়াদ খন্দকার জানান, যে এলাকাগুলোতে ত্রাণসামগ্রী খুব একটা পৌঁছায় না তেমন এলাকাগুলোকেই বেছে নেওয়া হয়েছে। রাজধানীর বনশ্রী, স্টাফ কোয়াটার, কোনাপাড়া এলাকাগুলোতে দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে ৫০ জন দিনমজুর, রিকশাওয়ালাদের পরিবারকে ১ সপ্তাহের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, সেই সঙ্গে ঘর থেকে বের না হওয়ার প্রতিশ্রুতি নেওয়া হয়েছে।

আরও জানা যায়, ইতোমধ্যে করোনার কারণে ক্ষতিগ্রস্ত অন্তত ৫০০ শ্রমজীবী পরিবারের সদস্যদের কাছে খাবার পৌঁছে দেয়ার টার্গেট নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে বিতরণের জন্য খাদ্যসামগ্রী কেনার কাজ শুরু হয়েছে। এ কাজে সহযোগিতা করতে অনেকেই নীরবে হাত বাড়িয়ে দিয়েছেন।
আরও পড়ুন: স্পেনে মৃত্যু ছাড়িয়েছে ১০ হাজার, একদিনে আক্রান্তের রেকর্ড
যারা এই সংকটকালে পাশে থাকতে আগ্রহী তারা সাহায্য পাঠাতে পারেন এখানে (বিকাশ নম্বর- ০১৬৮৬৫৯২২৮১, ট্রাস্ট ব্যাংক, একাউন্ট নাম Anannya, ব্যাংক অ্যাকাউন্ট- ০০৩০-০২১০০০৯২৭৯, কাওরানবাজার শাখা)।
ইত্তেফাক/আরআই
