বাফুফের প্রশংসায় ফিফা

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২০:৫৬

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাস রুখতে সরকারের সাধারণ ছুটি ঘোষণায় সবচেয়ে দুর্ভোগে পড়েছেন রাজধানীর প্রান্তিক জনগোষ্ঠী। এ দুর্ভোগের সময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিন একবেলা খাবার বিতরণ করছে ছিন্নমূল মানুষের মধ্যে। দেশের ফুটবলের নীতিনির্ধারক প্রতিষ্ঠানটির এমন উদ্যোগ নজর কেড়েছে ফিফারও। বাফুফের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে তারা।

গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের অ্যাকাউন্ট থেকে বাফুফের এ উদ্যোগের একটি ছবি পোস্ট করে ফিফা এবং সেখানে লেখা হয়, ‘বাংলাদেশের মানুষ খাবার পেতেই সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের পাশে এসে দাঁড়িয়েছে বাফুফে। তারা প্রশংসনীয়ভাবে লোকজনকে একবেলার খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে।’

বাফুফের এমন মহতী উদ্যোগে একাত্মতা জানিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা ও কোচ জেমি ডে। ইংলিশ এই কোচের উদ্যোগে বুধবার অসহায় মানুষের খাবারের অর্থ প্রদান করে জাতীয় দল। এ ব্যাপারটিও নজরে এসেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার। এর প্রশংসায় ফিফার পোস্টে বলা হয়, ‘এর ষষ্ঠ দিনে বেঙ্গল টাইগার্স কোচ জেমি ডে এক দৃষ্টান্তই স্থাপন করেছেন। জানিয়েছেন, আগামীকাল (গতকাল বৃহস্পতিবার) এ কর্মসূচির পৃষ্ঠপোষকতা করতে যাচ্ছেন তিনি।’

তবে বাফুফেরও আগে দেশের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর নজির দেখিয়েছেন সাবেক-বর্তমান ফুটবলাররা। গেল সপ্তাহে বিপলু আহমেদ সর্বপ্রথম সিলেটের স্থানীয় রিকশাওয়ালাদের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করেন। এর পরদিন সাইফ স্পোর্টিং ফরোয়ার্ড আরিফুর রহমানও কুমিল্লায় তার স্থানীয় অসহায়দের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দান করেন। এরপর চট্টগ্রাম আবাহনী ফরোয়ার্ড মান্নাফ রাব্বি ও আবাহনী লিমিটেড গোলরক্ষক শহীদুল আলম সোহেলও নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান।