করোনা ভাইরাস
ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে নেওয়া উদ্যোগের ফলে প্রশিক্ষণার্থীরা যেন ঝরে না পড়ে সেজন্য স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট পোগ্রামে (এসইআইপি) বাড়তি ১৩ লাখ ৪০ হাজার ডলার অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার এর অনুমোদন করেছে এডিবির বোর্ড সভা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, এই কর্মসূচির আওতায় ১০টি শিল্পখাতে কর্মসংস্থানমুখী দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে সরকারি সংস্থা, শিল্প সমিতি এবং অন্যান্য সংস্থা কাজ করছে। এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উল্লেখ করেন, বাড়তি এই অর্থায়নের মাধ্যমে বর্তমানে প্রশিক্ষণরত ২২ হাজার ৬১৯ শিক্ষার্থী প্রত্যেককে ৫ হাজার টাকা এককালীন সহায়তা পাবে।
করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় সারাদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। অনেক স্থানে লকডাউন করা হয়েছে। এরকম পরিস্থিতিতে শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারকে এই অর্থ প্রশিক্ষণার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে সময়মতো হস্তান্তর করতে অনুরোধ করেন মনমোহন প্রকাশ।
উল্লেখ্য, এর আগে ২৭ মার্চ এডিবি বাংলাদেশে করোনার প্রভাব মোকাবিলায় সাড়ে ৩ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেয়। স্বাস্থ্য ও আর্থিক খাতে করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবি আরো সহায়তার বিষয়গুলো একত্রিত করছে।
