করোনা :চীনের সংখ্যা নিয়ে ট্রাম্পের সন্দেহ

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:১০

রয়টার্স

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সরকারি হিসাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, চীনা কর্তৃপক্ষের হিসাব সেখানকার বাস্তব পরিস্থিতির চেয়ে ‘ভালো দেখাচ্ছে’। একই ব্রিফিংয়ে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, চীনের দেওয়া আক্রান্ত ও মৃতের হিসাব ঠিক কি না, তা জানার কোনো উপায় নেই। বেইজিংয়ের দেওয়া তথ্যে রিপাবলিকান দলের শীর্ষ এক আইনপ্রণেতার সন্দেহ প্রকাশ এবং চীন করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনের পর ট্রাম্প ও তার উপদেষ্টার এমন মন্তব্য এলো।

বুধবার যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস টাস্ক ফোসের্র নিয়মিত ব্রিফিংয়ে ট্রাম্প জানান, তিনি চীনের হিসাব নিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন দেখেননি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যা আমরা দেখেছি এবং যেসব তথ্য পেয়েছি, তাতে (চীনের) সংখ্যাকে বাস্তবের তুলনায় খানিকটা ভালো মনে হচ্ছে।’ ট্রাম্প বলেন, শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে বেইজিং কী করে করোনা ভাইরাস মোকাবিলা করল তা নিয়ে আলোচনা হলেও ‘তাদের সংখ্যা বিষয়ে কথা হয়নি’।

করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর আগে কয়েক দফা চীনের বিরুদ্ধে তোপ দাগলেও শির সঙ্গে ফোনালাপের পর থেকে সেই সুর খানিকটা নরম হয়ে এসেছে। ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ‘চমত্কার’ এবং উভয়পক্ষই চলতি বছরের শুরুতে হওয়া কয়েকশ কোটি ডলারের বাণিজ্য চুক্তি অটুট রাখার ব্যাপারে আন্তরিক। ট্রাম্প বলেন, ‘তাদের দেওয়া সংখ্যা সঠিক কি ভুল—এটা বলা কঠিন। আমি চীন থেকে আসা হিসাবরক্ষক নই।’

একই ব্রিফিংয়ে ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও-ব্রায়েন বলেছেন, ‘চীন থেকে আসা সংখ্যা সঠিক কি না, তা নিশ্চিত করার মতো অবস্থায় নেই ওয়াশিংটন। ওই সংখ্যা অনেক কম বলে অনেকগুলো প্রতিবেদন জনসমক্ষে এসেছে। আপনারা চীনের সামাজিক মাধ্যমগুলো থেকে আসা প্রতিবেদনগুলোও দেখতে পারেন। সেসব সংখ্যা সঠিক কি না, তা বলার উপায় নেই আমাদের।’

এর আগে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের পররাষ্ট্রবিষয়ক কমিটির রিপাবলিকান সদস্য মাইকেল ম্যাককল বেইজিংয়ের বিরুদ্ধে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লুকানোর অভিযোগ এনেছিলেন। চীনের এই লুকোচুরি এবং মহামারি নিয়ে নেওয়া নানা পদক্ষেপ তদন্ত করে দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকেই প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল। যুক্তরাষ্র্বেও এখন কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা চীনের তুলনায় অনেক বেশি। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রই এখন সবার ওপরে।