ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
করোনা মোকাবিলায় সারাদেশে জরুরি সেবা ও অতি প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক বাদে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ঈশ্বরদীতে দাপিয়ে বেড়াচ্ছে বালু ও পাথর বোঝাই ড্রাম ট্রাক। রাস্তাঘাট ফাঁকা থাকায় সর্বোচ্চ গতিতে এসব ট্রাক গ্রামীণ ও শহরের সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ এভাবে ভারী যানবাহন চলতে থাকলে সামনের বর্ষায় এসব রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়বে।
তারা জানায়, সাঁড়া ইউনিয়নের ইসলামপুর গামের পদ্মা নদী থেকে উত্তোলিত বালুু ড্রাম ট্রাকে করে ঈশ্বরদী ও পাবনা জেলার বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। প্রতিদিন শত শত ড্রাম ট্রাক চলাচলের কারণে মাজদিয়া, ইসলামপুর ঝাউদিয়া, চানমারিসহ সাঁড়া ইউনিয়নের বিভিন্ন সড়ক ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে। পাশাপাশি পাকশী ও লক্ষ্মীকুন্ডায় একই কায়দায় বালু তুলে ড্রাম ট্রাকে করে বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এতে নষ্ট হয়ে যাচ্ছে গ্রামীণ ও শহরের সড়ক। ধুলাবালির কারণে সড়ক দিয়ে সাধারণ মানুষের যাতায়াত করতে খুবই কষ্ট হয়।
সূত্র জানায়, প্রথম শ্রেণিভুক্ত ঈশ্বরদী পৌর এলাকাসহ উপজেলার সকল রাস্তার ওজন ধারণক্ষমতা ১৬ টন। অথচ ছয় চাকা হতে শুরু করে ১০ চাকা বিশিষ্ট ড্রাম ট্রাকসহ ভারী যানবাহন চলছে এসব সড়ক দিয়ে। এতে নতুন সংস্কার করা রাস্তাও চাকায় পিষ্ট হয়ে ভেঙে পড়ছে।
এ ব্যাপারে পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু বলেন, উপজেলা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ট্রাকগুলো বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বন্ধের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রকৌশলী এনামুল কবীর বলেন, বালু বোঝাই ড্রাম ট্রাকের ওজন প্রায় ৬০ টন। এসব ড্রাম ট্রাক চলাচলে রাস্তা দ্রুত ভেঙে যাচ্ছে। মেরামত করেও লাভ হচ্ছে না। হাইওয়েতেও এসব ট্রাক চলাচলের নিয়ম নেই।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান বলেন, মেয়র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পদক্ষেপ গ্রহণ করলে আমরা তাদের সহযোগিতা করব।
