স্বেচ্ছাশ্রমে হচ্ছে রাস্তা সংস্কার

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৩১

মারুফা মির্জা, চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রুপসী গ্রামের শালদার বিলের পাকা সড়ক থেকে দক্ষিণ পাড়া জামে মসজিদ পর্যন্ত কাঁচা রাস্তা বেহাল হয়ে আছে। কোনো প্রতিকার না পেয়ে অবশেষে স্থানীয়রা নিজেরাই ইউনিয়ন পরিষদের আওতাধীন রাস্তাটি সংস্কারে উদ্যোগ নিয়েছে। এদিকে রাস্তা নির্মাণের উদ্যোক্তা গাজী আব্দুল কাদের ও সামশাদ ইসলাম বাবু জানান, সারাদেশেই উন্নয়ন হচ্ছে। কেবল আমরাই এখনো পিছিয়ে আছি। মাত্র ১ কিলোমিটারের মতো কাঁচা রাস্তাও আমাদের চলাচলে উপযোগী নয়। কেউ কথা রাখেনি। তাই নিজেরা যা পারছি করছি। আশা করছি কর্তৃপক্ষ পুরো রাস্তাটি মেরামত করে দেবেন। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামচুজ্জোহা জানান, এলাকাবাসী যে উদ্যোগটি নিয়েছে তা আসলেই প্রশংসনীয়। তবে মাটি স্বল্পতার কারণে কাঁচা রাস্তাগুলো করতে আমাদের সমস্যা হচ্ছে। আশা করছি আগামীতে এ রাস্তাটি মেরামত করতে পারলে ঐ এলাকার মানুষের ভোগান্তি দূর হবে।