সুন্দরবনে মধু সংগ্রহে গেছে মৌয়ালরা

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৩৪

নিরাপত্তা জোরদার করছে বন বিভাগ

কয়রা (খুলনা) ও শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সুন্দরবনের মধু আহরণের মৌসুম এরই মধ্যে শুরু হয়ে গেছে। গতকাল ১ এপ্রিল থেকে পারমিট নিয়ে মৌয়ালরা মধু সংগ্রহের জন্য আনুষ্ঠানিকভাবে সুন্দরবনে প্রবেশ করেছে। চলতি মৌসুমে বাঘের আক্রমণের ঝুঁকির পাশাপাশি নানা সংশয় মাথায় নিয়ে তাদের বনে যেতে হচ্ছে। তবে মধু আহরণ মৌসুমকে সামনে রেখে সুন্দরবন পশ্চিম বিভাগে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহ জানান, মৌয়ালরা কোনো প্রকার হয়রানির শিকার না হয় তার জন্য সব স্টেশন ও টহলফাঁড়ির কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বন বিভাগের কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বন বিভাগ সূত্রে জানা গেছে, মধু আহরণের মৌসুম ১৫ জুন পর্যন্ত চলবে। সুন্দরবনের বিভিন্ন স্টেশন থেকে মৌয়ালরা পাশ পারমিট নিয়ে বনে যাচ্ছেন।

খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগী শাহানশা নওশাদ বলেন, এ বছর বড়ো ধরনের কোনো বিপর্যয় না হলে লক্ষ্য মাত্রার চেয়ে বেশি মধু আহরণের আশা করছে বন বিভাগ। সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও মো. বশিরুল-আল মামুন বলেন, ১ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত মধু আহরণ চলবে। মৌয়ালদের নিরাপত্তার জন্য বন বিভাগের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সুন্দরবনে বনজীবী মৌয়ালরা মধু আহরণে বনের ভেতর নির্বিঘ্নে চলাচল করতে পারে তার জন্য বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।