স্যানিটাইজার ও মাস্ক সংকট উদ্বেগে ফুলবাড়ীর বাসিন্দারা

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৩৬

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ীতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ও জীবাণুনাশক নেই। এতে এই উপজেলার বাসিন্দারা চরম ঝুঁকিতে রয়েছেন।

স্থানীয় কয়েক জন বলেন, উপজেলা ও গ্রাম পর্যায়ের ওষুধের দোকানগুলোতে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল (জীবাণুনাশক) পাওয়া যাচ্ছে না। এতে উপজেলার বেশির ভাগ এলাকার লোকজন উদ্বেগ-উত্কণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

উপজেলার ৪ নম্বর বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাটের নূর আলম ফার্মেসির স্বত্বাধিকারী নূর আলম বলেন, বিভিন্ন কোম্পানিকে হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল অর্ডার (চাহিদা) দিলেও তা পাওয়া যাচ্ছে না। কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা বলছেন, এগুলোর কোম্পানি থেকেই সরবরাহ নেই।’

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, ফুলবাড়ীতে স্যার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল পাওয়া যাচ্ছে না। আমি নিজেও বাজারের বিভিন্ন দোকানে ঘুরে এগুলো পাইনি। তবে স্থানীয়ভাবে তৈরি মাস্ক ৫ হাজার লোকের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য কিছু পিপিই সরবরাহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, সার্জিক্যাল মাস্ক পাওয়া না গেলেও স্থানীয়ভাবে তৈরি মাস্ক পাওয়া যাচ্ছে। এগুলো দিয়েই আপাতত কাজ চালাতে হচ্ছে। তবে সার্জিক্যাল মাস্ক, স্যানিটাইজার ও হেক্সিসল পাওয়া না গেলেও বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করাসহ ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা স্বউদ্যোগে স্যানিটাইজার তৈরি করে বিতরণ করছেন। একইভাবে বিভিন্ন সংস্থাও এগুলো বিতরণ করছে।