চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে অসহায় কর্মহীন মানুষের জন্য হট লাইনে ত্রাণ বিতরণ চালু হয়েছে। চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান নতুন এ পদ্ধতি চালু করেছেন।
এই উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘‘ত্রাণ যাবে বাড়ি’’। এই পদ্ধতি চালু করার ফলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে এক দিকে যেমন নিরাপদ দূরত্ব বজায় থাকছে অন্য দিকে মানুষজনকে ঘর থেকে বের হতে হচ্ছে না।
বৃহস্পতিবার দুপুর থেকে হট লাইনে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। দুইটি মোবাইল নম্বর আগে থেকেই ঘোষণা করে ৪০ জন স্কাউট, রোভার ও যুব রেডক্রস সোসাইটির সদস্যদের নিয়ে একটি স্বেচ্ছাসেবক গ্রুপ গঠন করা হয়েছে। যখনই কোনো ব্যক্তি এই হট লাইনে ফোন করে তার অসুবিধার কথা জানায় তখনই স্বেচ্ছাসেবক সদস্যরা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তার বাড়িতে পৌঁছে দেন।
