বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চায় :আওয়ামী লীগ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:৩৭

বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চায় বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে আওয়ামী লীগ। পাকিস্তানি গোয়েন্দা আইএসআই এমন ষড়যন্ত্রের মূল সহযোগী বলেও মন্তব্য ক্ষমতাসীন দলটির। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সাথে সাক্ষাত্ করে এসব অভিযোগ জানায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আক্তারুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন নির্বাচন সমন্বয়ক ড. সেলিম মাহমুদ, এডভোকেট নজিবুল্লাহ হিরো, জাফরুল শাহরিয়ার জুয়েল প্রমুখ।

সাক্ষাত্ শেষে আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর ভোটের মাত্র তিন দিন আগে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত অশুভ ষড়যন্ত্রে লিপ্ত আছে। সন্ত্রাসী হামলা, সহিংসতা ও নৈরাজ্য করে নির্বাচনকে বানচাল করতে চায় বিএনপি-জামায়াত চক্র। এছাড়া, নকল ব্যালট পেপার ছাপিয়ে ও বুথ বানিয়ে ভোটের দিন বিএনপি-জামায়াত জাল ভোটের ভিডিও’র গুজব ছড়াতে পারে বলেও কমিশনকে শঙ্কার কথা জানিয়েছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। 

গত কয়েকদিনে রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় মহাজোট প্রার্থীদের-সমর্থকদের ওপর বিএনপি-জামায়াতের কর্মীরা হামলা করেছে বলেও অভিযোগ করেছেন আক্তারুজ্জামান। মোট ৪০জন কর্মী এর মধ্যে আহত হয়েছেন বলেও কমিশনকে অবহিত করেছেন তিনি। এসব এলাকায় প্রার্থী, কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে নির্বাচনী অফিসও।

সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রম ও ষড়যন্ত্র প্রতিহত করতে কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। সেই সাথে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থী-কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি তোলেন প্রতিনিধি দলের সদস্যরা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য ড. সেলিম মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র একাত্তরের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে। এমনকি সপ্তম নৌবহরও পাঠিয়েছে। আটলান্টিক মহাসাগর পার হয়ে গেলে তাদের গণতন্ত্রের সংজ্ঞা বদলে যায়। পৃথিবীর সব দেশেই নির্বাচনের আগে-পরে সহিংসতা হয় উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের বিরোধিতা করে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

‘বিএনপি-জামায়াত আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য তৈরি করতে পারে। ভূয়া ব্যালট পেপার ছাপিয়ে ভিডিও প্রকাশ করতে পারে। তাদের এ ধরনের ষড়যন্ত্র সম্পর্কে দেশের মানুষকে সচেতন থাকতে হবে।’ গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরও বলেন, পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এ টাকা দুবাই হয়ে দেশে এসেছে। দেশকে আবারো পিছিয়ে দেওয়ার জন্য ওই গোয়েন্দা সংস্থা বিএনপি-জামায়াতের মাধ্যমে এ টাকা ব্যয় করছে।

আবদুর রহমান বলেন, তারা (বিএনপি-জামায়াত) নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সামনে তারা আরও ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্ঠপোষক ও মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ জন। তিনি বলেন, বিএনপি নেতাদের ফাঁস হওয়া ফোনালাপে একের পর এক ষড়যন্ত্রের চিত্র পরস্ফূিট হচ্ছে। বুধবার গণমাধ্যমে প্রকাশিত গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও বিএনএফ নেতা শওকতের ফাঁস হওয়া ফোনালাপে পলাতক দন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান কর্তৃক কামাল হোসেনকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি উন্মোচিত হয়েছে।’ তারেক রহমানের সঙ্গে সখ্যতা করা আর বিষধর সাপের সঙ্গে প্রণয়া আবদ্ধ হওয়া একই কথা উল্লেখ করে আব্দুর রহমান বলেছেন, ‘কামাল হোসেনের সামনে আজ বিষধর সেই সাপের নগ্ন ফনা।’