চিহ্নিত হয়নি বধ্যভূমি ও গণকবর
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
আজ ৩ এপ্রিল। মির্জাপুরে গোড়ান-সাটিয়াচড়া প্রতিরোধ যুদ্ধের ৪৯ বছর। এ যুদ্ধে ২৯ জন ইপিআর ও ১৫১ জন বাঙালি শহিদ হন। স্বাধীনতার ৪৯ বছর পর আজও যুদ্ধের স্থান গোড়ান-সাটিয়াচড়ায় বধ্যভূমি এবং শহিদদের গণকবর সংরক্ষণ হয়নি।
স্বাধীনতার প্রথম প্রতিরোধ যুদ্ধস্মৃতি সংসদের সভাপতি গোলাম সওজব পাওয়ার চৌধুরী ও আওয়ামী লীগ নেতা তৌফিকুর রহমান তালুকদার রাজিব জানান, ২ এপ্রিল পাকসেনারা এ রাস্তা দিয়ে গাড়িবহর নিয়ে টাঙ্গাইলের উদ্দেশে আসছে জানতে পেরে অবস্থান নেয় স্থানীয় জনতা। পাকবাহিনী গোড়ান-সাটিয়াচড়া আসামাত্র চারদিক থেকে আক্রমণ শুরু হয়। এ সময় শহিদ হন ইপিআরসহ আশপাশের গ্রামের ১৮০ জন। এদিকে ঢাকার বাইরে মির্জাপুরে এই প্রথম প্রতিরোধ যুদ্ধের স্থানে দীর্ঘ ৪৯ বছরেও বধ্যভূমি সংরক্ষণ ও গণকবরের স্থান চিহ্নিত এবং নির্মাণ হয়নি বাউন্ডারি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যুবায়ের হোসেন বলেন, প্রথম প্রতিরোধ যুদ্ধে শহিদদের গণকবর ও বধ্যভূমি চিহ্নিত এবং তা সংরক্ষণসহ বাউন্ডারি নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
