রাজশাহীতে আনসার আল ইসলামের তিন জঙ্গি গ্রেফতার

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৩৮

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।  বুধবার রাত ১১টার দিকে রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদো সৈয়দপুর গ্রামের এস এম সেলিমের ছেলে ইউসুফ আলী ওরফে সৌরভ, পাবনার চাটমোহর উপজেলার বোথড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সৌভিক হাসান ওরফে সৌরভ ও করকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাকিল খান।

বৃহস্পতিবার র্যাব-৫ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতার তিন তরুণ রাষ্ট্রের বিরুদ্ধে গোপন বৈঠকে বসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উগ্রবাদী বই এবং প্রশিক্ষণের নথিসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।