ঈশ্বরগঞ্জে বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা করোনা মোকাবিলায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মধ্যে বৃহস্পতিবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ পৌরসভা, উদ্যোগী যুব সংঘ ও উচাখিলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে গরীব অসহায় নিম্নআয়ের মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমুখ।
কর্মহীন মানুষের মধ্যে খাদ্য বিতরণ
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছীতে বৃহস্পতিবার নিজ উদ্যোগে কর্মহীন ও দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ করেছেন স্থানীয় এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম। উপজেলা ডাকবাংলো হলরুমে উপজেলার আটটি ইউনিয়নের ৮০০ জনের মধ্যে এ খাদ্যসামাগ্রী বিতরণ করা হয়।
বেদে পল্লিতে ত্রাণ বিতরণ
মান্দা (নওগাঁ) সংবাদদাতা মান্দায় ভাসমান বেদে পল্লীতে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ত্রাণসামগ্রী বিতরণ করেছে। নওগাঁর জেলা প্রশাসক হারুনুর রশিদের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম ও তেতুলিয়া ইউপি চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ শাহা এই ত্রাণ বিতরণ করেন। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাটের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় চাল, ডাল, তেল, লবণ ও মরিচ ২০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
১০ হাজার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কর্মহীন ও দৈনিক আয়ের ১০ হাজার মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। গত কয়েকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা ও কামারখন্দ উপজেলার ঝাঐল, রায়দৌলতপুর, জামতৈল ও ভদ্রঘাট ইউনিয়নের বিভিন্ন এলাকার দিনমজুরদের বাড়িতে গিয়ে নিজ অর্থায়ন ও সরকারিভাবে কেনা এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা গোবিন্দগঞ্জের মাদারপুর ও জয়পুর সাওতাল পল্লিতে সাময়িক কর্মহীন ও নিম্নআয়ের মানুষের মধ্যে বৃহস্পতিবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর ও জয়পুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দেন ভুক্তভোগীদের হাতে। তাকে সহায়তা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।
ত্রাণসামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা সিরাজদিখানে করোনা ভাইরাসের কারণে বেকার হওয়া নিম্ন আয়ের মানুষের মধ্যে বৃহস্পতিবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ১৪টি ইউনিয়ন পরিষদ, থানা ও প্রেসক্লাবে একটি করে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব বিতরণ করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক গোলাম সারোয়ার কবীর। দিনব্যাপী উপজেলার নিমতলা, ইমামগঞ্জ, রশুনিয়া, সন্তোষপাড়া, ইছাপুরা, মালখানগরসহ বিভিন্ন পয়েন্টে এসব বিতরণ করা হয়।
মহাসড়কে সামাজিক দূরত্ব বজায় রাখতে গোল চিহ্ন
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার প্রতিটি স্টেশন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে বৃহস্পতিবার গোল বৃত্ত এঁকেছে হাইওয়ে পুলিশ। এ সময় স্টেশনে যাত্রী-চালক ও খেটে খাওয়া মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। চান্দিনা-বাগুর বাস স্টেশন, মাধাইয়া বাস স্টেশন, কুটুম্বপুর বাস স্টেশন এবং দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাস স্টেশনের ফল ও ওষুধ দোকানের সামনে সামাজিক দূরত্বের গোল বৃত্ত এঁকে দেন হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির পুলিশ সদস্যরা।
বিভিন্ন সড়কে জীবাণুনাশক ওষুধ স্প্রে
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা পুলিশ প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার উপজেলা সদরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়। সারিয়াকান্দি থানা চত্বরে পুলিশের জলকামানের গাড়ি থেকে জীবাণুনাশক ওষুধ ছিটানোর উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, থানার ওসি মো. আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জে ডাক্তারদের জন্য পিপিই প্রদান
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের ১১ উপজেলা ও সুনামগঞ্জ সদর হাসপাতালের ডাক্তারদের জন্য ৬৫টি পিপিই প্রদান করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসাইন সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিনের হাতে এই পিপিই তুলে দেন। এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আশরাফুল হক, সুনামগঞ্জ সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট বিশ্বজিত্ গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন।
৩৬০ পরিবারের মধ্যে চাল বিতরণ
তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোরে বৃহস্পতিবার সরকারি বরাদ্দের চাল ৩৬০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। তানোর পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৩৬০ পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। তানোর পৌরমেয়র মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো।
দুস্থ ও কর্মহীনদের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি করোনা পরিস্থিতিতে জেলার ১ হাজার অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় চেম্বারের প্রেসিডেন্ট শরিফ হোসেন খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় পঞ্চগড় চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ, আশরাফুল আলম পাটোয়ারী, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
০
