করোনা প্রতিরোধে নৌবাহিনীর সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৪৮

ইত্তেফাক রিপোর্ট

দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় রাজধানীর খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড, গুলশান ও আমেরিকান দূতাবাস সংলগ্ন কূটনৈতিক এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ওষুধ ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী। গতকাল বৃহস্পতিবার নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করেন। পরে খিলক্ষেত এলাকার স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ ছাড়া ঢাকার বাইরে কুতুবদিয়া, মহেশখালী, বরগুনা, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা, তালতলীসহ সমুদ্র ও উপকূলীয় প্রত্যন্ত এলাকাগুলোতে নৌবাহিনী সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরি করতে বিভিন্ন লিফলেট বিতরণসহ ঈমামদের নানা পরামর্শ প্রদান করছে। নৌবাহিনী স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। পাশাপাশি স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করছে।