বরিশালে হিজড়াদের মধ্যে জেলা প্রশাসকের খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৪৯

বরিশাল অফিস

করোনা পরিস্থিতিতে বরিশালের তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর বান্দ রোডের অফিসার্স ক্লাব চত্বরে অর্ধশত হিজড়াদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিজন হিজড়াকে ১০ কেজি করে চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল, একটি সাবান ও দুইটি করে মাস্ক দেওয়া হয়েছে। বিতরণকালে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, হিজড়া সম্প্রদায় সাধারণত বিভিন্ন দোকানে বা বাসা বাড়িতে ঘুরে ঘুরে জীবিকা সংগ্রহ করেন। এতে তাদের মাধ্যমে করোনা ছড়াতে পারে। তাই সরকারের নির্দেশনা মেনে হিজড়ারা যাতে ঘরে থাকতে পারে সেজন্য তাদের ৫০ জনকে একসঙ্গে ২০ দিনের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। আরো ২০ জন হিজড়াকে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে বরিশাল সিটি করপোরেশন। বিসিসি সূত্র জানায়, গতকাল নগরীর শিশু পার্ক কলোনি, কলাপট্টি, কসাইখানা ও পলাশপুরের নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে গত সোমবার থেকে এ কার্যক্রম চলছে। বিসিসির ৩০টি ওয়ার্ডের মোট ৪০ হাজার মানুষকে এ খাদ্য সহায়তা দেওয়া হবে বলে বিসিসির কর্মকর্তারা জানিয়েছেন।