ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম চেম্বার

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৫০

চট্টগ্রাম অফিস

করোনা পরিস্থিতিতে ভোক্তাসাধারণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আগামী ৯ এপ্রিল পর্যন্ত নগরীর বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম চালু থাকবে। কার্যক্রমের আওতায় প্রতি কেজি চাল ২০ টাকা, মসুরের ডাল ৪০ টাকা, আলু ১০ টাকা এবং লবণ ১০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। পর্যায়ক্রমে নগরীর গোলাম রসুল মার্কেট, আলকরণ, কাজীরদেউরী, কালা মিয়া বাজার, দেওয়ান বাজার, ঝাউতলা বাজার, বায়েজিদসহ নগরীর বিভিন্ন স্থানে গাড়িতে করে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলবে। চেম্বার সভাপতি মাহবুবুল আলম এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন, সিএমপি ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।