রাজশাহীতে সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর অবস্থান সশস্ত্র বাহিনীর

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৫০

স্টাফ রিপোর্টার, রাজশাহী

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বৃহস্পতিবার রাজশাহীতে দায়িত্ব পালন করেছেন সেনা সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে বিভাগীয় শহরটির সবচেয়ে ব্যস্ততম এলাকা সাহেববাজার এলাকার রাস্তায় নিজেদের গাড়ি রেখে মানুষের চলাচল ঠেকানোর চেষ্টা করেন। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার অনেকটা কঠোর অবস্থানে ছিলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

সাহেববাজার এলাকায় দেখা যায়, যারা মাস্ক না পরে রাস্তায় বের হচ্ছেন তাদের খালি চোখে এক মিনিট সূর্যের দিকে তাকিয়ে থাকার শাস্তি দেওয়া হচ্ছে। দুইজন মোটরসাইকেলে থাকলে, একত্রে ঘোরাঘুরি করলে এবং কারণ ছাড়াই বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় ঘোরাঘুরি করলেও অনুরূপ শাস্তি দেওয়া হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় একসঙ্গে একাধিক গাড়ি নিয়ে টহল দিয়েও জনসমাগম ঠেকাতে কাজ করছে সেনাবাহিনী।

এ ব্যাপারে জেলা প্রশাসক হামিদুল হক বলেন, করোনা ভাইরাস ঠেকাতে আমাদের আরো কিছু দিন খুব সতর্ক থাকতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করাটাই আমাদের এখন বড়ো কাজ। সেনা সদস্যদের সহযোগিতায় বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজ দায়িত্ব পালন করছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।