করোনা :গুজব ছড়ানোয় দুই জন গ্রেফতার

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৫৬

বিশেষ প্রতিনিধি

করোনা ভাইরাস নিয়ে স্যোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে মো. আব্দুর রহমান মিলন ও মো. আমিনুল ইসলাম বিল্লাল নামের দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-২। বিষয়টি নিশ্চিত করেছেন র?্যাব-১ এর সিও লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল। তিনি জানান, বুধবার রাতে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে আব্দুর রহমান মিলন ও কাপাসিয়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম বিল্লালকে গ্রেফতার করা হয়।

র্যাবের এ কর্মকর্তা বলেন, করোনা ভাইরাস নিয়ে গুজব প্রতিরোধে র্যাব-১ এর সাইবার মনিটরিং টিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ায় কয়েকটি আইডি শনাক্ত করে। বুধবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, গুজব সৃষ্টিকারী নয়টি স্ক্রিনশট এবং সরকার ও রাষ্ট্রবিরোধী পাঁচটি ফেসবুকের পোস্ট কপি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গুজব ছড়ানোর কাজে জড়িত বলে স্বীকার করেছে। এর মধ্যে আব্দুর রহমান মিলন জানান, ঐ এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে। এর আগেও সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি কর্মচারীকে লাঞ্চিত করা ও ভাঙচুরের অভিযোগে কোনাবাড়ী থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। যার জন্য তিনি এর আগে এক মাস সাজাও খেটেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র?্যাব-১ এর সিও।