দরিদ্র ১ লাখ পরিবারকে ১৫ কোটি টাকা সহায়তা দিবে ব্র্যাক

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

করোনা দুর্যোগে জীবিকার ঝুঁকিতে পড়া দরিদ্র পরিবারগুলোর জন্য সহায়তা দিতে ১৫ কোটি টাকা বরাদ্দ করেছে ব্র্যাক। মহানগর ও নগর এলাকার বস্তি, উপশহর এলাকা এবং দুর্গম অঞ্চলের পরিবারগুলোর জন্য এ সহায়তা প্রদান করা হবে। গতকাল বৃহস্পতিবার থেকে দরিদ্র পরিবারগুলোকে নগদ ১ হাজার ৫০০ টাকা করে এ অর্থ সহায়তা দেওয়া শুরু হয়েছে।

প্রথম পর্যায়ে ১ লাখ পরিবারকে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হবে। ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আলট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, সমন্বিত উন্নয়ন কর্মসূচি এবং হিউম্যানিটারিয়ান প্রোগ্রামের মাধ্যমে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এ বিষয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, ব্র্যাকের এই সহায়তা চার সদস্যের একটি পরিবারকে দুই সপ্তাহের জন্য ন্যূনতম খাদ্য উপকরণ কিনতে সাহায্য করবে। ১২টি সিটি করপোরেশন, আটটি পৌরসভা, ৩৮টি সদর উপজেলা, হাওর, নদীবন্দর, বাজারহাট এলাকা এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের পাড়াগুলোতে বসবাসকারী স্থানীয় জনগোষ্ঠীর পরিবারগুলো এ সহায়তা পাবেন।