ভাষানটেকে দগ্ধ এক জনের মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর ভাষানটেকে বাসায় আগুন লেগে দগ্ধ গৃহকর্তা জাকির হোসেন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ঢাকা মেডিক্যাল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন। ৪৫ বছর বয়সি জাকির একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। পাঁচ দিন আগে অগ্নিকাণ্ডে তার শরীরের ৫৮ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিত্সকদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান। তার স্ত্রী আফরোজা রানী (৩৫) ও ছেলে রিয়াদ হোসেনও (১৭) ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। রানীর শরীরের ৩২ শতাংশ ও রিয়াদের শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। জাকিরের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদরের বেগুনবাড়ী। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম ভাষানটেকের শ্যামল পল্লীর ১৩ নম্বর সেকশনের টিনশেডে আগুন লাগে। এতে তিন জন দগ্ধ হন।