‘বায়োমেট্রিক আইডেন্টিটি অ্যান্ড ওয়ার্কার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ওয়ার্কার ডেটাবেসে)’ ব্যবহারের জন্য অ্যাসোসিও কর্তৃক এ বছরের শ্রেষ্ঠ ব্যবহারকারী প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে বিজিএমইএ। সম্প্রতি জাপানের টোকিওতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিও ডিজিটাল মাস্টার্স সামিট ২০১৮’-এ আন্তর্জাতিক এই সম্মাননা বিজিএমইএ-র হাতে তুলে দেন অ্যাসোসিও-এর চেয়ারম্যান ডেভিড ওং-সহ অন্যান্যরা। অ্যাসোসিও-এর বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত বিজিএমইএ-র পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিজিএমইএ সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাসির এবং সফটওয়্যার প্রস্তুত ও রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের পক্ষে সিসটেক ডিজিটাল লিমিটেডের প্রধান নির্বাহী এম রাশিদুল হাসান। এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের ২৪টি ইকোনোমি দেশ নিয়ে এশিয়ান-ওশেনিয়া কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) গঠিত। উল্লেখ্য, প্রতিবছর ২৪টি দেশ হতে মনোনীত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রজেক্টকে চারটি ক্যাটেগরিতে অ্যাসোসিও এই বিরল সম্মাননা দিয়ে থাকে।
