প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দায়িত্ব পালনকালে সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে দেশের সম্ভাব্য প্রতিকূল অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় প্রণোদনা প্যাকেজ ঘোষণার বিষয়ে আগামী রবিবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রণোদনা প্যাকেজ ঘোষণার বিষয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
