দুই বছরের অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনার সুপারিশ সানেমের

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২২:২৩

বর্তমান পরিস্থিতিতে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার পরিবর্তে দুই বছরমেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। তিনি সুনির্দিষ্টভাবে আট দফার কথা উল্লেখ করেছেন।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিকল্পনার রূপরেখাতে তিনি উল্লেখ করেন, দুই বছরমেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে ২০১৯ সালের ডিসেম্বর মাসের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের প্রারম্ভিক সময় দুই বছর পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাওয়ার সুপারিশ করে তিনি উল্লেখ করেন, পরিকল্পনা নতুনভাবে প্রণয়ন করা প্রয়োজন, এই পরিকল্পনার একটি উল্লেখযোগ্য অংশ বর্তমান পরিস্থিতিতে প্রাসঙ্গিকতা হারিয়েছে।

তৈরি পোশাক খাতসহ অন্যান্য রপ্তানিমুখী শিল্প এবং অভ্যন্তরীণ বাজার-নির্ভর খাত ও এসএমই খাতে সহায়তা প্রদানের জন্য রাজস্ব উদ্দীপক (ফিসক্যাল স্টিমুলাস) প্যাকেজ ও মুদ্রাবিষয়ক নীতি প্রণয়ন করা, দরিদ্র, অতি দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী এবং বর্তমান পরিস্থিতিতে আকস্মিকভাবে অসহায় হয়ে পড়া মানুষের জন্য সামাজিক নিরাপত্তা       কর্মসূচির আওতা ও পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা প্রয়োজন। বাণিজ্য, কর কাঠামো এবং ব্যাংকিং সেক্টরে ‘রাজনৈতিকভাবে বাস্তবায়নযোগ্য’ কিছু নীতি  সংশোধন (পলিসি রিফর্ম) করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া সরকারি ব্যয় বৃদ্ধি ও কর কমানো এবং মুদ্রাবিষয়ক নীতিকে সহজ করার জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক উত্স থেকে অর্থ সংগ্রহের উপায় বের করা, কমপক্ষে তিন বছরের জন্য এলডিসি থেকে উত্তরণের সময়কাল বিলম্বিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়কাল ২০৩০ থেকে ২০৩৫-এ নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক মহলে জোর প্রচেষ্টা চালানোর সুপারিশ করা হয়।