নির্বাচনী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০২:৩৪

একাদশ সংসদ নির্বাচনে প্রচারণার শেষ দিন গতকাল বিভিন্ন স্থানে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। কুমিল্লা-৫ আসনে বিএনপি প্রার্থী অধ্যক্ষ ইউনুছের ওপর হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের পাঁচটি নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে শতাধিক। ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

কুমিল্লা: গতকাল বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের মোকাম গ্রামে গণসংযোগকালে হামলায় বিএনপি প্রার্থী অধ্যক্ষ মো. ইউনুছ, ছেলে মেহেদী হাসান সুমন, তার গাড়ি চালক আলমগীরসহ ১০ জন আহত হন। এসময় অধ্যক্ষ ইউনুছের ব্যবহূত মাইক্রোবাসও ভাঙচুর করা হয়। সংঘর্ষে যুবলীগের স্থানীয় কর্মী বিপ্লবসহ আরো পাঁচজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অধ্যক্ষ ইউনুছকে কুমিল্লায় নিয়ে আসে।

সাতক্ষীরা: গতকাল শ্যামনগর সদরের পশু হাসপাতাল মোড়ে নৌকা ও বিকল্পধারার কর্মী-সমর্থকদের মধ্যে ফের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এদিকে বুধবার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭৯ জনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রামে খুলশী থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ ও সহ-সাধারণ সম্পাদক রহুল আমিনকে বুধবার গভীর রাতে ১৮টি পেট্রোল বোমাসহ পুলিশ গ্রেফতার করেছে।

চন্দনাইশ (চট্টগ্রাম): বুধবার রাতে চন্দনাইশের বরমা ইউনিয়নের কেশুয়ায় ও দুপুরে চর বরমায় আওয়ামী লীগের দু’টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

পটিয়া (চট্টগ্রাম): গতকাল আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। এসময় দুটি মোটরসাইকেল ও তিনটি পিকআপ ভাঙচুর করা হয়।

বগুড়া: নাশকতার মামলায় শিবগঞ্জে নারী ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি নেত্রী বিউটি বেগম, বগুড়া ৭নং ওয়ার্ড কাউন্সিলর জেলা জাসাস নেতা হিরু ও এক ইউপি চেয়ারম্যানসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পীরগাছা (রংপুর): বুধবার রাতে পীরগাছায় নগরজিত্পুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর করেছে।

কালীগঞ্জ (ঝিনাইদহ): বুধবার রাতে উপজেলার সুন্দপুর দুর্গাপুর ইউনিয়নের আলাইপুর জামতলা বাজারে আওয়ামী লীগের প্রচার অফিসসহ ৩টি দোকান আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ): বুধবার রাতে উপজেলার পুটিজানায় ময়নার বাজারে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বাজিতপুর (কিশোরগঞ্জ): উপজেলার গাজীরচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল মিয়ার বাড়িতে দুর্বৃত্তরা বুধবার রাতে আগুন দিয়েছে। একই দিন সংঘর্ষে আহত যুবলীগ নেতা রফিক মিয়াকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়।

ইত্তেফাক/আরকেজি